স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোর বিদায়ের পরপরই নতুন কোচের নাম জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। রিয়ালের ‘বি’ দলের দায়িত্বে থাকা আলভারো আরবেলোয়াকেই মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে, আলভারো আরবেলোয়া মূল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একজন খেলোয়াড় হিসেবে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ ছিলেন।’
রিয়ালের জার্সিতে আরবেলোয়ার ক্যারিয়ারও ছিল গৌরবের। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি খেলেছেন ২৩৮টি ম্যাচ এবং জিতেছেন মোট আটটি শিরোপা। এর মধ্যে রয়েছে, দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ।
শুধু ক্লাব পর্যায়েই নয়, জাতীয় দলেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। স্পেনের হয়ে খেলেছেন ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ এবং ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮, ২০১২ ইউরো শিরোপাজয়ী দলের সদস্য।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচ হবে আগামী বুধবার। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে তার দল মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









