বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপের আয়োজকরা কি মানবে ইরানের শর্ত

প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৩ পিএম

আপডেট: ১১ মে ২০২৬, ১২:১৩ পিএম

বিশ্বকাপের আয়োজকরা কি মানবে ইরানের শর্ত

অনিশ্চয়তা ও গুঞ্জনের মধ্যে বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছে ইরান। তবে আয়োজক দেশগুলোকে ১০টি শর্ত দিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে শর্তগুলো আয়োজক তিন দেশ মানবে কিনা সন্দেহ আছে। সে সন্দেহ থেকেই ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেছেন, ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলে দেশটিকে বঞ্চিত করা হবে।

বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলা হয়, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করব। তবে আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হয়ে আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে চাই। 

গত শনিবার এ ঘোষণার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মেহেদি তাজ বলেন, ‘যদি আমরা বিশ্বকাপে অংশগ্রহণ না করি, তাহলে আমরা অনেক বড় এক কূটনৈতিক সম্পদকে হাতছাড়া করব।’ 

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরানের ১০টি শর্তের কথা বলেন তিনি। আয়োজক দেশের কাছ থেকে যথাযথ সম্মান পাওয়ার বিষয়ে নিশ্চয়তা দাবি করেন মেহেদী তাজ। ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তাদের খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। এ ছাড়া বিমানবন্দর, হোটেল ও যাতায়াতের পথে দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ফলে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই সপ্তাহ আগে জানিয়েছিলেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির (ইসলামী রেভুলিউশনারি গার্ড কর্পস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা নাও দেওয়া হতে পারে।  

গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজকে দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কানাডা তাঁর ভিসা বাতিল করে। এ সমস্যায় ইরান ফুটবল দলের অন্য সদস্যরাও পড়তে পারেন বলে শঙ্কা মেহেদি তাজের।

বিশ্বকাপে ইরান দল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থান করার কথা। গ্রুপ ‘জি’তে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.