সৌদি প্রো লিগের শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে ছিল আল নাস্র। আল হিলালের বিপক্ষে জয় পেলে অনেকটা নিশ্চিত হয়ে যেত শিরোপা।
ম্যাচের বেশিরভাগ সময় এগিয়েও ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর দল। কিন্তু যোগ করা সময়ের নাটকীয় আত্মঘাতী গোলে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছে আল নাস্রের।
রিয়াদের হাইভোল্টেজ ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাস্র। ফলে শিরোপা জয়ের অপেক্ষা আরও কিছুটা বাড়ল লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির।
ম্যাচের ৩৭তম মিনিটে আল নাস্রকে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান। তার গোলে প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় আল নাস্র। দ্বিতীয়ার্ধেও সেই ব্যবধান ধরে রাখে তারা। ম্যাচ শেষের অপেক্ষায় তখন উৎসব শুরু করে দিয়েছিলেন সমর্থকেরা।
কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে ঘটে নাটকীয়তা। আল হিলালের আক্রমণ সামলাতে গিয়ে গোলরক্ষক বেন্তোর হাত ফসকে বল জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলে সমতায় ফেরে আল হিলাল এবং আল নাস্রের শিরোপা উদযাপন আপাতত পিছিয়ে যায়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি লিখেছেন, ‘স্বপ্ন এখন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র একটি ধাপ বাকি। আজকের অসাধারণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে এখনও সৌদি প্রো লিগের শীর্ষে আছে আল নাস্র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টে।
এখন শেষ ম্যাচেই শিরোপা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোনালদোর দল। আগামী বৃহস্পতিবার দামাক এফসির বিপক্ষে খেলবে আল নাস্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









