দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২১ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কতার আওতায় থাকা অঞ্চলগুলো হলো—রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









