শুক্রবার (২ অক্টোবর) সকালেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কয়েকদিনের গরমের পর কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। তবে বৃষ্টিতে কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। পাঁচ দিনের পর দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









