বয়সের ব্যবধান, কর্মব্যস্ততা আর ভৌগোলিক দূরত্ব ভুলে প্রিয় ক্যাম্পাসে একত্রিত হলেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ ফিরেছেন দীর্ঘদিনের স্মৃতি নিয়ে, কেউ আবার বহু বছর পর দেখা পেয়েছেন পুরোনো সহপাঠী ও শিক্ষকদের। বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই পুনর্মিলনে। আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, কেক কাটা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কলেজটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসবিএমসি ডে।
শুক্রবার (২০ নভেম্বর) শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। পরে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কলেজের প্রথম ব্যাচের ছাত্রী অধ্যাপক ডা. খাদিজা, অধ্যাপক ডা. মিনতি অধিকারী ও অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
স্মৃতিচারণ পর্বে উঠে আসে কলেজজীবনের নানা ঘটনা, আনন্দ-বেদনা আর বন্ধুত্বের গল্প। প্রথম থেকে ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলাটি হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্মের চিকিৎসকদের এক অভিন্ন বন্ধনে আবদ্ধ হওয়ার উপলক্ষ।
দিনের আয়োজনের শেষ পর্বে সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন জনপ্রিয় ফোক-রক ও ফিউশন ব্যান্ড ‘লালন’ সংগীত পরিবেশন করে। ব্যান্ডটির পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘‘এবারের আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক এবং দেশ-বিদেশে কর্মরত চিকিৎসকসহ আনুমানিক ১ হাজার ৫০০ জন অংশ নিয়েছেন। বিদেশে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে প্রিয় ক্যাম্পাসে ফিরে এসেছেন। দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, ‘‘এসবিএমসি ডে কেবল একটি বার্ষিক উদযাপন নয়; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন, বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়া সহপাঠীদের আবারও একত্রিত করা, ছাত্রজীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








