রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোদ–তাপের তেজ কমবে, বাড়বে বৃষ্টি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

রোদ–তাপের তেজ কমবে, বাড়বে বৃষ্টি

গত কয়েক দিন দাপট দেখিয়েছে রোদ-তাপ। তবে আগামীকাল রবিবার রোদ-তাপের তেজ কমে আসবে, পাশাপাশি দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে।

ভারি বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল থেকে আগামী বুধবার পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অন্যদিকে পৃথক একটি আবহাওয়ার পূর্বাভাসে আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিদ্যুৎ চমকানোসহ বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে আজ।

ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান, ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা) দেশের সাতটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৮ মিলিমিটার। রংপুরে গতকাল বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেট, নেত্রকোনা ও নীলফামারীর সৈয়দপুরে আজ বৃষ্টি ছিল।

সারা দেশে আগামীকাল দিনের তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তারা বলেছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান, ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে ছিল পাবনার ঈশ্বরদী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও রাঙামাটিতে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, রবিবার থেকে সামনের কয়েক দিন বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে হাওর অঞ্চলের জন্য এই বৃষ্টি সতর্কবার্তা; কারণ, এখন ধান কাটার সময়।

হানি

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.