চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী ৩ আগস্ট।
জুলাই অভ্যুত্থানকে ‘ডিজাইন‘ বলায় নিলোফার মনির সমালোচনা
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জুলাই অভ্যুত্থান নিয়ে সংরক্ষিত আসনে বিএনপির এমপি নিলোফার চৌধুরী মনির এক বক্তব্যের সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার এক টকশোতে নিলোফার চৌধুরী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ‘ডিজাইন’ তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না।’ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, ‘নিলোফার চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু (গতকাল বুধবার) টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।’ রাকিব বলেন, ‘আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরো বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।’
নিলোফার চৌধুরী মনি টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বলেন, ‘এই আন্দোলনে কারা যে মেইন ছিল, তা কেউ জানে না। একজন আরেক জনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।’ আরেক প্রশ্নের জবাবে টকশোতে তিনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধু যারা আন্দোলনে ছিল, (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না।অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চেনে না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









