সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে।
রবিবার (৫ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম নিজের বাড়ির টুকটাক কাজের জন্য শিক্ষার্থীদের বাড়িতে ডাকতেন। এই সুযোগে শিক্ষিকার আড়ালে তার স্বামী গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের এ্যাডাল্ট ভিডিও দেখাতেন এবং গায়ে আপত্তিকরভাবে হাত দিতেন। এভাবে চলতে চলতেই গত ২৮ জুন বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে কাজ করানোর জন্য ডেকে নেয় রফিকুল ইসলাম।
এ সময় বাড়িতে কেউ না থাকায় মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে। বিষয়টি ঐ শিক্ষার্থী ভয়ে চেপে গেলেও গত শুক্রবার (৩ জুলাই) রফিকুল পুনরায় ঐ শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে সে আপত্তি করে। এ সময় রফিকুল ইসলাম তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভীত সন্ত্রস্ত ঐ শিক্ষার্থী বাড়িতে এসে সবকিছু বলে দেয়। পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন প্রথমে গ্রাম প্রধানদের অবগত করে এবং রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ৫ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









