রাজনৈতিক ষড়যন্ত্র ও সামজিক অস্থিরতা সৃষ্টির জন্য দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ও ঢাকার প্রবেশ ও বহির্গমনপথে স্থাপন করা হয়েছে অতিরিক্ত ২৫০টি চেকপোস্ট।
শনিবার ‘ঢাকা মহানগর পুলিশ’-এর (ডিএমপি) ’গণমাধ্যম ও গণসংযোগ’ বিভাগের ‘অতিরিক্ত সহকারী কমিশনার‘ (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ঢাকার বিভিন্ন স্থানেই গত শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ককটেল বিস্ফোরণ। রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণসহ কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিয়াজ মেহেদী বলেন, পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। গত শুক্রবার রাত থেকে যে সব ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার অনেক জায়গায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটা মামলা হয়েছে। তিনি বলেন, এর বাইরে পুলিশ ঢাকায় দুই শতাধিক জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করছে। ঢাকার অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার, প্রবেশপথ - এগুলোতে চেকপোস্ট কার্জক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজরদারি থাকবে। কেউ অবৈধ মোটরসাইকেল যেন না চালাতে পারে এবং এই নিয়ে কোনো নাশকতা বা এই ধরনের কর্মকাণ্ড যেন না করতে পারে সে ক্ষেত্রে তাঁরা বিশেষ চেষ্টা করছেন এবং লক্ষ্য রাখছেন। তিনি আরো বলেন, এর বাইরেও পুলিশের নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান। অপরাধীদের অপতৎপরতা রুখতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার মোড়ে ও রামপুরা বিটিভি ভবনের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়াও কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হননি। বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. রবিউল।
তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টার দিকে বিটিভির প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।
শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের মধ্যে ওই রিকশাচালক আহত হন। আহত ইবাদুরের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুল্লা গ্রামে। তিনি মুগদার মান্ডা এলাকায় থাকেন। সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।
এছাড়া দুপুরে জুমার নামাজের পরপর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, থানা সংলগ্ন এলাকায় একটি ফাঁকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই দিন রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য।
সে সময় ডিএমপির তেজগাঁও বিভাগের ’সহকারী কমিশনার’ (ডিসি) ইবনে মিজান জানান, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









