কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। গতকাল সোমবার প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুসারে, আগামী অক্টোবর থেকে রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরো বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
নতুন টার্মিনালটি চালু হওয়ায় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রশস্ত জায়গা, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং দ্রুত লাগেজ পাওয়ার সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা। যাত্রী মহিউদ্দিন চৌধুরী বলেন, নতুন টার্মিনালটি বেশ ভালো লেগেছে। আগের তুলনায় এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বেশি এবং হয়রানিও কম হয়েছে। সহজেই লাগেজ পাওয়া গেছে। কক্সবাজারের মতো পর্যটনকেন্দ্রে এমন পরিবেশ প্রয়োজন ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টার্মিনালে ১৪টি চেক-ইন কাউন্টার রয়েছে। এর মধ্যে নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা যৌথভাবে কাউন্টার ব্যবহার করবে। তবে প্রয়োজন অনুসারে বিমান সংস্থাগুলো আলাদা কাউন্টারও ব্যবহার করতে পারবে। এসব সুযোগ-সুবিধার প্রশংসা করেছে দেশি বিমান সংস্থাগুলোও। ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, ‘আমাদের প্রস্থানহলটি বেশ প্রশস্ত। আগমন হলটিও প্রশস্ত। বোর্ডিং লাউঞ্জটিও অনেক বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের প্রায় সব ধরনের সুযোগ- সুবিধাই রাখা হয়েছে।’
নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের বলেন, নতুন টার্মিনালে ব্যাগেজ বেল্টের সুবিধা রয়েছে। পুরো এলাকাটিও বড় ও প্রশস্ত। আগে যাত্রীদের গাদাগাদি করে থাকতে হতো। নতুন টার্মিনাল চালু হওয়ায় সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রী হয়রানি রোধের পাশাপাশি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নতুন টার্মিনালে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, বিমানবন্দরে আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তা বিভাগ ও পুলিশের এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৬টি বিভাগ বা সংস্থা একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
বুধবার নতুন টার্মিনাল ভবনটি চালুর প্রস্তুতি পরিদর্শন করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। অভ্যন্তরীণ কার্যক্রম শুরুর পাশাপাশি আগামী মাসে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধনের আশাবাদ ব্যক্তও করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









