যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০ ব্যান্ডের মধ্যে স্থান অর্জন করেছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করেছে। শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণা থেকে প্রাপ্ত প্রভাব এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
এবারের র্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের বন্যা বইছে। এই অর্জনকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয়টির শীর্ষ কর্তাব্যক্তিরা।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা চাই, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "এই সাফল্য যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করার জন্য আমরা নিরলস কাজ করে যাব।"
যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উল্লেখ করেন, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১ থেকে ২০০০-এর মধ্যে। এবারের র্যাঙ্কিংয়ে উন্নত ব্যান্ডে (১০০১-১২০০) স্থান পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারা অক্ষুণ্ণ রাখল যবিপ্রবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









