রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার মিরপুর-১০ এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি কর্পোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। একই সঙ্গে ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। মিরপুরের সাধারণ মানুষও ফুটপাত দখলমুক্ত করার পক্ষে রয়েছে বলে আজকের ঘটনায় প্রমাণ হয়েছে।
কারও ইন্ধনে পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মিরপুরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, গত কয়েকদিন ধরে এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। জনগণের চাহিদার ভিত্তিতেই সিটি কর্পোরেশন এসব কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসীর স্বার্থে এ অভিযান চালানো সিটি কর্পোরেশনের নৈতিক ও দায়িত্ববোধের অংশ।
তিনি জানান, মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে। এর ফলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। একইভাবে বুধবার উচ্ছেদ করা জায়গাগুলোতেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
অভিযানে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান শফিকুল ইসলাম খান মিল্টন। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। নগরবাসীর সেবায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং সাংবাদিকদের পাশে রয়েছে। জনগণের স্বার্থে সাংবাদিকদেরও এসব কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, উচ্ছেদ অভিযানের জন্য পুলিশ আসার কথা থাকলেও সেখানে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। তার অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









