চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আমবাগানের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের শফিকুল ইসলাম কালুর আমবাগানের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক ধুলাউড়ি গ্রামের মৃত আইনাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এনামুল হককে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে পুলিশি অভিযানের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করা সম্ভব নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









