নয় বছর আগে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এ রায়ে আইসিজে বলেছেন, রাখাইনের রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। এদিকে আইসিজের এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে রায়টি ঘোষণা করেন। আদালতের ১৫ জন বিচারকের মধ্যে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়াসহ নয়জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার মতের পক্ষে রায় দেন। আর ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয়জন মত দেন বিপক্ষে।
সাত বছর ধরে বিচারকাজ শেষে রায়ে আন্তর্জাতিক বিচার আদালত বলেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে। জেনোসাইডের লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলেও রায়ে উল্লেখ করেন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া ইয়ুজি।
তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হল। সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা এগারো লাখ রোহিঙ্গার অনিশ্চিত জীবনে বিরল এক আনন্দের উপলক্ষ হয়ে এল এই রায়। নাৎসি হলোকাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চারবার গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছেন। এবারের রায় সেই বিরল ঘটনাগুলোর একটি।
রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকারীদের ওপর হামলা করেছে। এর মধ্য দিয়ে মিয়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছেন আইসিজে।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় ‘বিদ্রোহীদের’ হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল। তাদের কথায় পাওয়া যায় নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে। তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে, তাদের ওই লড়াই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করতে নয়। কিন্তু পরের বছর জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে।
গতকালকের রায়ে বিচারপতি ইওয়াসাওয়া বলেন, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতন এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া বা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হল, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করতে হয়। আদালত মনে করেছেন, মিয়ানমারের কর্মকাণ্ড সেই আইনি মানদণ্ড পূরণ করেছে।
নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে মিয়ানমারকেই
রায়ে আইসিজে বলেছেন, রাখাইনের রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনও নিশ্চিত করতে হবে দেশটিকে।
রায়ের প্রাথমিক অংশে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিতে রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে। তাই প্রত্যাবাসন ও পুনর্বাসনও তাদেরকেই করতে হবে।
রায়ে সন্তুষ্ট ঢাকা
আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন রায় এলো। এতে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত ক্র্যাকডাউনে মিয়ানমার সেনাবাহিনী তথা রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে রায় দিয়েছেন আইসিজে। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হবে বলে মনে করি। এই রায়ে সন্তুষ্ট ঢাকা। এই রায়ের কারণে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








