বরিশাল মহানগরীর আয়তন ও জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি পুলিশের সক্ষমতা। চারটি থানা দিয়ে প্রায় সাড়ে সাত লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে (বিএমপি)। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা, যোগাযোগের সীমাবদ্ধতা এবং অপরাধের পরিবর্তিত ধরন। এমন পরিস্থিতিতে মহানগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএমপি। এর অংশ হিসেবে নতুন চারটি থানা ও তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে পুলিশের আওতাধীন এলাকার আয়তন বাড়িয়ে প্রায় ৫৫০ বর্গকিলোমিটার এবং বর্তমান জনবল দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএমপি সূত্র জানায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর একটি থানা নিয়ে যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে ৪৪৭ বর্গকিলোমিটার এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে সংস্থাটি। প্রস্তাবিত নতুন চারটি থানা হলো কাশিপুর, রায়পাশা-কড়াপুর, চরমোনাই ও বিশ্ববিদ্যালয়। এসব থানা স্থাপনের প্রস্তাব বাস্তবায়িত হলে থানার সংখ্যা বেড়ে আটটি হবে। পাশাপাশি স্থাপন করা হবে তিনটি পুলিশ ফাঁড়ি।
পুলিশের হিসাব অনুযায়ী, বিএমপির আওতাধীন এলাকায় বছরে প্রায় ১ হাজার ১০০টি মামলা হয়। প্রায় সাড়ে সাত লাখ মানুষের নিরাপত্তায় বর্তমানে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৩২ জন পুলিশ সদস্য। অর্থাৎ গড়ে ৩৭৪ জন মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন পুলিশ সদস্য। তবে এই জনবলের সবাই সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন না। প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালনের কারণে মাঠপর্যায়ে কার্যকর জনবল আরও কম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সময়ের সঙ্গে বরিশালের অপরাধ পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। একসময় ডাকাতি, দস্যুতা ও সিঁধেল চুরির মতো অপরাধ বেশি ঘটত। নিয়মিত পুলিশি টহল, চেকপোস্ট ও সিসি ক্যামেরার নজরদারিতে এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, খুন, মাদক, কিশোর গ্যাং ও চুরির মতো অপরাধ মোকাবিলায় পুলিশকে বাড়তি তৎপর থাকতে হচ্ছে। অপরাধের ধরন বদলে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় শুধু জনবল নয়, প্রযুক্তিগত দক্ষতা ও বিশেষায়িত সক্ষমতাও বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।
পুলিশের সেবা কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে থানার বিস্তৃত ভৌগোলিক সীমানা। নদী-খালবেষ্টিত এলাকা এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক স্থানে দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে একটি থানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই কয়েক ঘণ্টা সময় লাগে। ফলে জরুরি প্রয়োজনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বিলম্ব হয়। পৃথক থানা স্থাপন করা হলে দূরবর্তী এলাকার মানুষের অভিযোগ গ্রহণ, আইনগত সহায়তা ও জরুরি পুলিশি সেবা পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তাঁর থানার আওতায় সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের পাশাপাশি পাঁচটি ইউনিয়ন রয়েছে। রায়পাশা-কড়াপুর এলাকায় যেতে শহর ঘুরে যেতে হয়। আবার নদীবেষ্টিত কিছু এলাকায় বাবুগঞ্জ ঘুরে পৌঁছাতে হয়। এতে পুলিশি সেবা দিতে সময় বেশি লাগে। ওই এলাকায় পৃথক থানা স্থাপন করা হলে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাঁর থানা এলাকায় প্রায় চার লাখ মানুষের বসবাস। এত বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ সদস্য ও যানবাহনের ঘাটতি রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদনকেন্দ্র এবং বিভিন্ন সংস্থার বিভাগীয় সদর দপ্তর এই থানার আওতাধীন। প্রতিদিন ভিআইপি প্রটোকলসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়।
তিনি বলেন, নগরীর বড় বড় বিপণিবিতানও কোতোয়ালি থানার আওতায়। ফলে নিয়মিত জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এ অবস্থায় থানা ও ফাঁড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি যানবাহন, আবাসন এবং অন্যান্য লজিস্টিক সুবিধাও বাড়াতে হবে। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রতিটি থানায় তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিশেষায়িত জনবল রাখা প্রয়োজন।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও প্রতারণার মতো অপরাধের বিষয়ে পুলিশকে নিয়মিত নজরদারি করতে হচ্ছে। থানা ও পুলিশ ফাঁড়ির সংখ্যা বাড়ানো হলে মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অপরাধ গবেষক আলমগীর হোসাইন বলেন, পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলে মানুষের যাতায়াত বেড়েছে। শহরের বিস্তারের সঙ্গে জনসংখ্যা ও অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। এ পরিস্থিতিতে মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে থানা ও জনবল দুটিই বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, নতুন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি ও সাইবার অপরাধ বিষয়ে দক্ষ করে তুলতে হবে। শুধু থানা স্থাপন করলেই হবে না, এর সঙ্গে প্রয়োজনীয় জনবল, প্রযুক্তি ও অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করতে হবে। মানুষের নিরাপত্তা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে নতুন থানা স্থাপনের প্রস্তাব বাস্তবায়নে আর দেরি করা উচিত নয়।
বিএমপি কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, অপরাধের ধরন, মানুষের চাহিদা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন চারটি থানা ও তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এতে পুলিশের আওতাধীন এলাকার পরিধিও বাড়বে। নতুন থানা স্থাপন করা হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের প্রত্যাশিত সেবা দ্রুত দেওয়া সহজ হবে।
তিনি বলেন, বর্তমানে বিএমপিতে ২ হাজার ৩২ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী জনবল বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বরিশাল মহানগরীর বিস্তৃত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা বাড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








