শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপপুর থেকে বিদ্যুৎ মিলবে অন্তত ৬০ বছর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

রূপপুর থেকে বিদ্যুৎ মিলবে অন্তত ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং শুরুর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম লেখাল বাংলাদেশ। কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল হবে ৬০ বছর। এই পুরো সময়জুড়ে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। তদুপরি, প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো ৩০ বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। সব মিলিয়ে ৯০ বছর পর্যন্ত সেবা দিতে পারে এই কেন্দ্র।

প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম প্লেটসমৃদ্ধ রড। দুই বছর আগেই বাংলাদেশ ১৬৮টি বান্ডেল সংগ্রহ করেছে। ১৬৩টি চুল্লিতে ব্যবহার হবে, বাকি ৫টি থাকবে সংরক্ষণে। সব বান্ডেল চুল্লিতে স্থাপন করতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপে পানি বাষ্পে পরিণত হবে, সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে তৈরি করবে বিদ্যুৎ। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে চলবে টানা দেড় বছর।

ফলে তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি কেনার ঝামেলা নেই। দেড় বছর পর পুরো জ্বালানি একসঙ্গে পরিবর্তন না করে এক-তৃতীয়াংশ করে বদলালেই চলে। জ্বালানি লোডিংয়ের পরও শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে। সব ধাপ সফলভাবে পার হলে কয়েক মাস পর ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।

# মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ করবে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতে দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে। প্রায় ২ কোটি মানুষ সরাসরি এর সুফল ভোগ করবে। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে পিআইডি’র সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

তিনি জানান, প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরো ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। বিভিন্ন পাম্পে দীর্ঘ সারিও নেই, ফলে শিগগিরই সংকটের বিষয়টি দূর হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.