মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা করা হয়েছে।
জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে কয়েক দফা সময় কমানো-বাড়ানোর পর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত এল।
এ সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় মন্ত্রী তাকে নতুন সময়সূচির কথা জানিয়েছেন।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি জ্বালানি সংকট দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়। একইসঙ্গে মার্কেট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধা ৭টা করা হয়।
কোরবানির ঈদের আগে মার্কেট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে রাত ১০টা করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









