৪৪ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার, যা ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী–রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
এর আগে ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। আর ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার, যেখানে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
ধারাবাহিকভাবে কয়েকদিনের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমায় রিজার্ভে এই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









