ফৌজদারি মামলার তদন্তে দীর্ঘসূত্রতা কমানো, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, অন্য বিচারক, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সম্মেলনে মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিল, সাক্ষীদের আদালতে হাজির করা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরেন। বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগী, তালতলী ও বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও আদালতসংশ্লিষ্ট কর্মকর্তারাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, তদন্ত ও বিচারিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে মামলার নিষ্পত্তি ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









