সিলেট নগরের উপশহর এলাকায় পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরি এবং মুখরোচক খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে উপশহরের শাহজালাল জুস অ্যান্ড কফি কর্নারে পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার জান্নাত লাইভ বেকারিতে খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখায় পিয়াইন ফুড অ্যান্ড জুস বারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগে রায়হান জুস অ্যান্ড কফি কর্নারকে ৫ হাজার টাকা এবং পণ্যের গায়ে মেয়াদসংক্রান্ত সঠিক তথ্য না থাকায় খাজা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু গণমাধ্যমকে বলেন, ‘‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









