বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যেখানে কিংডম অব দ্য নেদারল্যান্ডসের সহায়তা রয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, বেসরকারি সংস্থা ইজওয়ার পরিচালক আসাদুল ইসলাম চিনু, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সাদুল ইসলাম মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধক কমিটির সাধারণ সম্পাদক মো. মহাসিন খান, নাগরিক ফোরামে সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, বেতাগী থানা এসআই হুমায়ুন, সাংবাদিক মো. আরিফুর রহমান সুজন।
আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও যুব সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারসমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ উৎসাহিত করা।
এ ধরনের আলোচনা সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে বলে তারা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









