মানব পাচার প্রতিরোধ, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভারদের টেকসই পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সেবা ও সহায়তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীতে একটি অংশীজন সমন্বয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে অরবিট রেস্তোরাঁ নরসিংদী হলরুমে এ সভা অনুষ্ঠিত।
ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আতাউর রহমান সরকার এবং কেস ম্যানেজার–সোশ্যাল সার্ভিস রিয়েনা হক নিঝু সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থা, সারভিওর রিপ্রেসেনটেটিভ এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনসহ মোট ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনের ক্ষেত্রে মনোসামাজিক সহায়তা, কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং রেফারেল সেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সারভাইভারদের প্রয়োজনভিত্তিক ও সমন্বিত সেবা প্রদানের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে শুধু প্রকল্পভিত্তিক কার্যক্রম যথেষ্ট নয়; বরং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী রেফারেল ম্যাকানিজম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুব উন্নয়ন অধিদপ্তর, নরসিংদী জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর জানান, মানব পাচারের শিকার সারভাইভাররা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার বিষয়ে সহযোগিতা করা হবে। এছাড়া আশ্বাস প্রকল্পের যেসব সারভাইভার পোল্ট্রি ফার্মের সঙ্গে সম্পৃক্ত, তাদের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সুযোগ তৈরিতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এর মাধ্যমে সারভাইভাররা জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি আরও জানান, কাউন্সেলিং কর্নারের কার্যক্রম ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শিপলো স্পিনিং মিলসের এইচআর ম্যানেজার জানান, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ ৪ জন সারভাইভারকে ইলেকট্রিশিয়ান পদে কর্মসংস্থানের সুযোগ প্রদানের বিষয়ে তারা সহযোগিতা করবেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডেমো) ম্যানপাওয়ার সার্ভে অফিসার হারুনুর রশিদ সিকদার জানান, মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা সারভাইভারদের ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে ডেমো অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করা হবে। পাশাপাশি, কাউন্সিলিং কনসানের কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেশন পরিচালনার সুযোগ তৈরিতে সহযোগিতা করার আশ্বাস দেন।
কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার পিয়ারুল হাসান আশ্বাস প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে জানান, আশ্বাস প্রকল্পের সারভাইভার এবং সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ঋণ সুবিধা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সারভাইভারদের জন্য ঋণ প্রক্রিয়া সহজীকরণ এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করার বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধ এবং সারভাইভারদের পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও টেকসই করার লক্ষ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া আশ্বাস প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও মানব পাচারের শিকার নারী ও পুরুষ সারভাইভারদের জন্য সেবা ও সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সমন্বিত ইউনিট/প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ ধরনের একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প-পরবর্তী পর্যায়েও সারভাইভারদের জন্য কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক সহায়তা ও রেফারেল সেবা কার্যকরভাবে অব্যাহত রাখা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের লিগ্যাল এইড -এর আইনজীবী শিরিন সুলতানা মৌ, গ্রাম আদালতের কোঅর্ডিনেটর মনি আক্তার, রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক এসএম শরীফ মিয়া ও নারী উদ্যোক্তা সালমা প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









