আবারও কমেছে স্বর্ণের দাম। গত এক সপ্তাহে কয়েক দফা ওঠানামার পর সর্বশেষ সিদ্ধান্তে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (২৯ জুন) সকালে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ১৫০ টাকা, যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে ২৭ জুন ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









