যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও আবার সামনে এসেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচারের দাম ২ দশমিক ৩৪ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৬২ ডলারে।
সপ্তাহান্তে তেহরান কাতার ও সংযুক্ত আরব আমিরাতে হামলা আরও জোরদার করে। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন করে হামলা চালায়। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা এবং জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান দাবি করেছিল, একটি জাহাজ অনুমোদিত পথের বাইরে প্রবেশ করে হামলার শিকার হওয়ার পর তারা প্রণালিটি বন্ধ করে দিয়েছে।
জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, রবিবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ। গত পাঁচ সপ্তাহের মধ্যে এটি সর্বনিম্ন সংখ্যা।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ওই চুক্তির লক্ষ্য ছিল আরও ৬০ দিনের আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাতের অবসান ঘটানো।
শুক্রবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ওই চুক্তির পর জুন মাসে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা এখনও যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম।
এএনজেডের বিশ্লেষকরা এক নোটে বলেন, সপ্তাহান্তের নতুন উত্তেজনা সাম্প্রতিক সংঘাত দ্রুত শেষ হওয়ার আশাকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।
অন্যদিকে আইজি গ্রুপের বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, তেলের দামে তুলনামূলক সীমিত বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে বাজার এখনো পরিস্থিতিকে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবেই দেখছে। অর্থাৎ বিনিয়োগকারীরা এখনো পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন না। তবে এই ধারণা কতটা সঠিক, তা সময়ই বলে দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









