এল ক্লাসিকোয় ভিনিসিয়ুস জুনিয়রকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা পাওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে দিয়োমান্দের সামনে। ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই আইভরিয়ান তরুণের সামনে এবার নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ।
ভিনিসিয়ুসকে ছাড়াই এল ক্লাসিকোয় মাঠে নামতে হতে পারে রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন না হলে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়োমান্দের ওপর বাড়তি দায়িত্ব পড়তে পারে। বাঁ প্রান্তে খেলার সুযোগ পেলে নিজের গতি ও আক্রমণাত্মক দক্ষতা কাজে লাগাতে পারবেন তিনি।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গোল করে আলোচনায় এসেছেন দিয়োমান্দে। দীর্ঘদিন ধরে নিজের প্রথম গোলের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন এই তরুণ। রিয়াল মাদ্রিদ টেলিভিশনকে তিনি বলেন, ‘প্রথম গোলটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম।’
গোলটির ব্যাখ্যা দিতে গিয়ে দিয়োমান্দে বলেন, ‘ওই জায়গায় আমার মনে হয়েছিল, বল নিয়ন্ত্রণ করে ঘুরে দ্রুত শট নেওয়াই একমাত্র উপায়। আমি সেটাই করেছি, আর তা কাজে দিয়েছে।’

মজার বিষয় হলো, ভিনিসিয়ুস মাঠে নামার পর দিয়োমান্দেকে তার স্বাভাবিক বাঁ প্রান্তের জায়গা ছেড়ে ডান দিকে খেলতে হয়েছিল। সেখান থেকেই গোলটি করেন তিনি। ডার্বিতে অবশ্য বদলি হিসেবে মাত্র ৩৬ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এই তরুণ।
এবার সামনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। রোমের স্তাদিও অলিম্পিকোয় ভিনিসিয়ুস খেলতে পারবেন। ফলে দিয়োমান্দেকে কতটা সময় মাঠে রাখা হবে, তা নিয়ে কোচের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে ভালো খেলতে পারলে সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাও বাড়বে তাঁর।
চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত দিয়োমান্দে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে খেলতে আমি খুবই রোমাঞ্চিত। এটি প্রতিটি শিশুর স্বপ্ন। রিয়াল মাদ্রিদের হয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারায় আমি কৃতজ্ঞ।’
ভিনিসিয়ুসের অনুপস্থিতি দিয়োমান্দের জন্য তাই শুধু একটি ম্যাচে সুযোগ পাওয়ার বিষয় নয়; বরং ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটিতে নিজের জায়গা পাকা করার সম্ভাবনাও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









