ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪’।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শন, শিক্ষা ও জ্ঞানচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ‘সুফি দর্শনের সর্বজনীনতা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৩ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী। অন্যদিকে, ‘লেখাপড়া পড়াশোনা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৪ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজ সালেকীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) এবং গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম।
বক্তৃতা দুটির মধ্য দিয়ে সুফি দর্শনের সর্বজনীন তাৎপর্য এবং লেখাপড়া ও জ্ঞানচর্চার বিষয়টি আলোচনায় উঠে আসে। দর্শন ও মানবিক বিদ্যার চর্চা, চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের স্মারক বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনচর্চা ও গবেষণার ঐতিহ্যকে ধারণ করে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র নিয়মিতভাবে দার্শনিক চিন্তা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। এ আয়োজন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং দর্শন ও মানবিক বিদ্যায় আগ্রহী ব্যক্তিদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সংলাপের সুযোগ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরে দর্শন ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্মারক বক্তৃতার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









