২০২৬-২৭ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রাখা হয়েছে।
তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ হতে পারে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরুর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। এর নাম পরিবর্তন হলেও শুল্কের হার অপরিবর্তিত থাকায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশের রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। তাই রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এসব খাতের জন্য শিগগিরই সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









