ডেঙ্গু সংক্রমণ রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ এবং ‘৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি'র অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। বিশেষ করে আসন্ন লালন তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি প্রাঙ্গণে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, বাজার, ড্রেন, রেলস্টেশন, বাসাবাড়ির আশপাশ এবং ছাদে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে মশার লার্ভিসাইড প্রয়োগ ও ঝোপঝাড় পরিষ্কারের কাজও পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









