নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগপন্থী সার ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্নসময় বিএনপির সমর্থক ও কর্মদের ওপর হামলা ও নির্যাতন করে। অথচ বিএনপির শাসনামলে ওই আরিফ খাঁ-কে জোয়াড়ি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ স্থানীয় এমপিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত এ নিয়োগ বাতিল করে বিএনপির ত্যাগী কর্মী বা নেতা যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে যে কোন একজনকে দেওয়ার দাবী জানান।
এছাড়া বক্তারা মানববন্ধনে আরও বলেন, নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁ’র কোনো ঘর বা দোকান বা গোডাউন নাই। তাছাড়া সার অথবা বালাইনাশক বিক্রি, গোডাউন বা স্টক ম্যানেজম্যান্টের অভিজ্ঞতা নেই। ডিলারশীপ পাওয়ার জন্য যে সব শর্তাবলী সেটাও সে পূরণ করতে পারেনি। অথচ অদৃশ্য আশীর্বাদপ্রাপ্ত হয়ে তাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় বিস্মিত সকল সার ও বালাইনাশক ব্যবসায়ীসহ এলাকার সুধীসমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জোয়াড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী ও সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









