দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। ফলে রবিবার (১৬ আগস্ট) নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় ২০ হাজার ৩৩৬ টাকা। তবে গহনা তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১৫ আগস্ট সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে তা কার্যকর থাকবে।
এর আগে ১৪ আগস্ট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ কমানোর মাত্র এক দিনের ব্যবধানেই একই পরিমাণ দাম আবার বাড়ানো হলো।
চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫২ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা দরে বিক্রি হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









