একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা যে মুনাফাসহ ফেরত দেওয়া হবে তা আমানতকারীদের জানাতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে নির্দেশ দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে এলে গভর্নর এ নির্দেশনা দেন বলে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীর কাছে অর্থমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের গচ্ছিত অর্থের ওপর সুদ না দেওয়ার বিষয়টিই ব্যাংকিং ভাষায় ‘হেয়ারকাট’ হিসেবে পরিচিত।
তবে পরে সমালোচনা ও বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা চলতি বছরের ২২ জানুয়ারি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
গত ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি আমানতকারীরা যাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি হিসাব থেকেও অর্থ উত্তোলনের সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী।
গত ১৬ অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। দ্রুত সময়ের মধ্যে ‘স্বাভাবিক’ ব্যাংকিং কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও এর চেয়ারম্যান ও এমডিকে নির্দেশনা দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, কবির আহাম্মদ, সরোয়ার হোসেন ও আনিছুর রহমান।
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কাছ থেকে সারাদেশে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ৩৫ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা করা নতুন এ ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ নাগাদ পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা; খেলাপির হার ৮৪ দশমিক ২২ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









