নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া সরকার কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা নেই— স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
দেশে সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হামলা ও কনসার্ট বাতিলের বিষয়টিকে কোনো ধরনের সরকারি বা নীতিগত বিধিনিষেধ হিসেবে দেখছেন না তিনি।
সচিবালয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছিলেন তথ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টা।
কোথাও কোথাও কনসার্ট বন্ধ করা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়। হয়তো নিরাপত্তা ইস্যু ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্ট হচ্ছে।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।’
এ সময় জাহেদ উর রহমান বলেন, ‘আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। অ্যাম আই রং? আমি যদি তুলনা করি, ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিকেন্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে। তবে দু–একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









