যশোরে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের অভিযানে আটক করা রিকশা ও ইজিবাইক বিনা শর্তে ফেরত দেওয়া, রিকশার বিরুদ্ধে অভিযান বন্ধ এবং রিকশার বৈধ লাইসেন্স দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে নেতৃত্ব দেন রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯ এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। এতে বিপুলসংখ্যক রিকশাচালক অংশ নেন।
বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে এর আগে প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ কোরবানির ঈদের সময়ও প্রশাসনের সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের আলোচনা হয়। তখনও সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করা হয়নি।
তারা বলেন, রিকশাচালকেরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে জীবিকা নির্বাহ করছেন। রিকশা আটক করে রাখায় শ্রমিকদের আয় বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে। তাই আটক করা রিকশা দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি রিকশার বৈধ লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, সোমবার (২৪ আগস্ট) যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশের যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় বেশ কিছু অবৈধ রিকশা ও ইজিবাইক আটক করা হয়।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন বলেন, অবৈধ রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গত দুই দিনে অবৈধ রিকশা ও ইজিবাইক চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের কারণে কয়েকটি অবৈধ রিকশা ও ইজিবাইক আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









