বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য করিডরকে আরও গতিশীল করা এবং বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ঢাকায় এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং যুক্তরাজ্যের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ‘ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স’ (ইউকেইএফ) যৌথভাবে এ আয়োজন করে।
এ বৈঠকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ হাই কমিশন ঢাকা, ইউকেইএফসহ শীর্ষস্থানীয় ওষুধ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা, সীফুড ও ফুটওয়্যার খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের বাজারে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ এবং বাণিজ্য অর্থায়ন ও এক্সপোর্ট ক্রেডিট কীভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে, সেসব বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এতে ইউকেইএফ সমর্থিত অর্থায়নের বাস্তব প্রয়োগ, এক্সপোর্ট ক্রেডিট সুবিধার কাঠামো এবং এসব প্রকল্প কীভাবে বাংলাদেশের অবকাঠামো, টেকসই উন্নয়ন ও শিল্প খাতের আধুনিকায়নের মতো উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা যায়, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড দীর্ঘ ১২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার। দেশ যখন উন্নয়নের নতুন ধাপে অগ্রসর হচ্ছে, তখন যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের যুক্তরাজ্যভিত্তিক দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আসতে সক্ষম হব।’’
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের কর্পোরেট ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সরবরাহকারী, প্রযুক্তি এবং মূলধনকে সংযুক্ত করতে ব্যাংকটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। এর ফলে রপ্তানি বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









