সিনেমা নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবেই দেখেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তার অভিনীত ‘ককটেল ২’ নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মতভেদ তৈরি হলেও এতে বিচলিত নন তিনি। বরং কোনো সিনেমা দর্শকের মনে প্রতিক্রিয়া তৈরি করতে পারলেই সেটিকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী।
শনিবার (২৪ অক্টোবর) এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে নিজের এই দৃষ্টিভঙ্গির কথা জানান কৃতি। সিনেমা নিয়ে দর্শকের ভিন্নমুখী প্রতিক্রিয়া এবং নিজের অভিনয় মূল্যায়ন নিয়ে কথা বলেন তিনি।
কৃতি বলেন, ‘‘আমার সিনেমা নিয়ে ভিন্নমুখী মতামত তৈরি হলে আমার ভালো লাগে। ‘তেরে ইশ্ক’র জন্য আমি অনেকের কাছ থেকে দীর্ঘ বার্তা পেয়েছি। সিনেমাটি দর্শকের মনে কিছু একটা অনুভূতি তৈরি করেছে। ভালো লাগুক বা খারাপ লাগুক, মানুষকে ভাবাতে পারাটাই গুরুত্বপূর্ণ।’’
অভিনেত্রীর মতে, সিনেমা দেখা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। একই সিনেমা একজন দর্শকের ভালো লাগতে পারে, অন্যজনের নাও লাগতে পারে। শিল্পের সৌন্দর্যই হলো, মানুষ একে নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধি করেন।
তিনি আরও বলেন, ‘‘শিল্প এ রকমই। শিল্পকে অনুভব করা ও নিজের মতো করে উপলব্ধি করার বিষয় এটি। আমি নিজেই আমার সবচেয়ে কঠোর সমালোচক।’’
নিজের অভিনয় নিয়ে বেশি সমালোচনা করেন কৃতি
দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়ার চেয়ে নিজের কাজ নিয়ে কৃতির প্রত্যাশাই বেশি। তার ভাষ্য, অভিনয়ের ক্ষেত্রে নিজের সেরাটা দিতে পেরেছেন কি না, সেটিই তাকে বেশি ভাবায়।
কৃতি বলেন, কোনো চরিত্রে অভিনয়ের পর যদি তার মনে হয় নিজের সর্বোচ্চটা দিতে পারেননি, তাহলে সেটিই তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে। অন্যের সমালোচনার চেয়ে নিজের কাজের মূল্যায়নকে বেশি গুরুত্ব দেন তিনি।
‘ককটেল ২’-এ বিকিনি দৃশ্য নিয়ে অকপট
‘ককটেল ২’-এ কৃতির গ্ল্যামারাস উপস্থিতি এবং বিকিনি পরা একটি দৃশ্য নিয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, পর্দায় বিকিনি পরতে স্বচ্ছন্দ হতে তার দীর্ঘ সময় লেগেছে।
কৃতি বলেন, ‘‘আমি ১২ বছর পর কোনো সিনেমায় বিকিনি দৃশ্য করেছি। এমন দৃশ্যের ক্ষেত্রে শুধু শারীরিকভাবে ফিট থাকাই গুরুত্বপূর্ণ নয়, নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকাটাও জরুরি।’’
অভিনেত্রীর ভাষ্য, ছয় থেকে আট বছর আগেও হয়তো এমন দৃশ্যে অভিনয় করতে রাজি হতেন না তিনি। সময়ের সঙ্গে নিজের আত্মবিশ্বাস ও শরীর সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন।
তিনি জানান, ‘ককটেল ২’র বিকিনি দৃশ্যটি তার জীবনের উপযুক্ত সময়ে এসেছে। আগে কখনো বিকিনি পরেননি তিনি। এখন সমুদ্রসৈকতে বিকিনি পরতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন।
‘ককটেল ২’ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’-এ কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ২০১২ সালের জনপ্রিয় সিনেমা ‘ককটেল’র পর নতুন প্রজন্মের সম্পর্ক, বন্ধুত্ব ও ভালোবাসার জটিলতা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।
মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনয় ও দৃশ্যায়নের প্রশংসা করেছেন, আবার কেউ গল্প ও চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে এসব প্রতিক্রিয়াকে সিনেমার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন কৃতি। তার মতে, সব দর্শককে সন্তুষ্ট করা সম্ভব নয়। একটি সিনেমা মানুষের মনে ভালোবাসা কিংবা অপছন্দ—যেকোনো ধরনের অনুভূতি তৈরি করতে পারলে সেটিও শিল্পের সাফল্যের অংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









