ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় মামলা হলে সেখানে নিজেকেই প্রধান আসামি করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান। পরে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন সাংবাদিকদের কাছে বক্তব্যটি সরবরাহ করেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে রুমিন ফারহানার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে খবর ছড়িয়ে পড়ার পর তিনি এ বক্তব্য দিলেন।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসির সঙ্গে অনিয়ম-দুর্নীতি এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটিতে জড়ান রুমিন ফারহানা।
এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। তিনি দাবি করেন, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় নিয়ে এসেছেন।
কথা কাটাকাটির একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে বলেন, ‘‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি, স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









