পবিত্র হজ পালন আরও সহজ ও সাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন, সব পস (POS) মেশিনে পেমেন্ট সুবিধা এবং বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরে বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এই কার্ডে লোড করে নিতে পারবেন। কার্ডটির অন্যতম বৈশিষ্ট্য হলো—তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি করা হয় এবং এর জন্য কোনো চার্জ বা ফি প্রযোজ্য নয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের এক মতবিনিময় সভায় এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।
এ সময় হাব ও ইসলামী ব্যাংকের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









