‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক দিনব্যাপী ক্যারিয়ার সামিট সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামিটের উদ্বোধন করেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হলের সহকারী আবাসিক শিক্ষক ড. ফাহিমা আক্তার ও আফরিন রহমান মিলি। হল সংসদের সহ-সভাপতি তাসনিম আক্তার আলিফ নাবিলা স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যা নারী শিক্ষার অগ্রগতির ইতিবাচক দিক ফুটিয়ে তোলে।
কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, এসব বাধা পেরিয়ে নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে এবং নিজেদের যোগ্যতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে সরকারি যেসব সুযোগ ও ঋণসুবিধা রয়েছে, নারীদের তা লুফে নিতে হবে। নারী শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এই আয়োজনে বিসিএস ও সরকারি চাকরি প্রস্তুতি, করপোরেট কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি, জীবনবৃত্তান্ত (সিভি) প্রণয়ন, পেশাগত যোগাযোগমাধ্যমে উপস্থিতি, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি, বৃত্তি, উদ্দেশ্যপত্র (এসওপি) ও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, শিক্ষকতা ও একাডেমিক পেশা, গবেষণার প্রাথমিক ধারণা এবং গবেষণাপত্র প্রকাশ নিয়ে আলোচনা হয়। এছাড়া বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মসংস্থানের সুযোগ, ফেলোশিপ, মাঠপর্যায়ের কাজসহ কেরিয়ার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত ও পেশাগত অনলাইন প্রোফাইল পর্যালোচনার জন্য বিশেষ পরামর্শ (মেন্টরশিপ) সেশনেরও আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









