খুলনায় একটি আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফাতেমা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে মহানগরীর খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা বাবু নগরীর লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমানের ছেলে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফাতেমা ও সোহেল গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে কপোতাক্ষ হোটেলে ওঠেন। এরপর গভীর রাতে—রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেলকর্মীদের হোটেল মালিককে কল দিতে বলেন।
একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। এরপর কর্মীরা দ্রুত ওই কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখতে পান। রাত ৩টা ৯ মিনিটে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “কপোতাক্ষ হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।”
তিনি আরও বলেন, “নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









