আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। মঙ্গলবার (৬ অক্টোবর) মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার হয়ে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।
মেসির বিদায়ী ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকার কথা জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া। তিনি বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? গিয়ে ম্যাচটি দেখতে হবে। আমরা ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে খেলব। তাই সম্ভবত সেখানেই থাকব। এটা আমার পথেই পড়বে, আমি সেখানে থাকব।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও আবেগঘন মন্তব্য করেছেন দি মারিয়া। তিনি বলেন, ‘অনেক বছর পর লিওকে ছাড়া একটি দল পাওয়া কঠিন হবে। সে আর্জেন্টিনা, আর্জেন্টাইন জনগণ এবং পুরো বিশ্বের জন্য অনেক কিছু করেছে। আমরা সেই শেষ দিনটি উপভোগ করব।’
৬ অক্টোবরের ম্যাচটিই এই সিরিজে একমাত্র ম্যাচ, যেখানে মেসি মাঠে থাকবেন। তার সঙ্গে ওই ম্যাচে জাতীয় দলের আরও কয়েকজন অভিজ্ঞ সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোকে দেখা যাবে।
তবে কাতার বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদের মাঠে নামার পরিবর্তে গ্যালারি থেকে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপে মেসির সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকে পরিবারের সদস্যদের নিয়ে ম্যাচটি দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তারা পরিবারের সদস্যদের সঙ্গে মিলে এমন একটি ম্যাচে তাকে সঙ্গ দিতে পারে, যা সব আর্জেন্টাইন মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









