বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদবাজারে যুদ্ধের আঁচ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম

ঈদবাজারে যুদ্ধের আঁচ

ইরান যুদ্ধের ধাক্কা লেগেছে দেশের ঈদ বাজারে। প্রতিবছর এ সময় যেখানে গভীর রাত অব্দি চাঙ্গা থাকে শপিং মলগুলো এবার সেই চিত্রে কিছুটা ভাটা পড়েছে। তেজস্বী ভাবের বদলে কিছুটা মন্দা পরিস্থিতি বিরাজ করছে উৎসবের কেনাকাটায়। ফলে ইরান-আমেরিকা ও ইসরাইলের ছোড়া মিসাইলের বড়সড় ধাক্কা লেগেছে ঈদ কেন্দ্রিক সামগ্রিক অর্থনীতিতে। বলা চলে যুদ্ধের কালো ধোঁয়ায় ম্লান দেশের ঈদ অর্থনীতি।

জানা গেছে, চলতি রোজা শুরুর একদিন আগেই আমেরিকার নেতৃত্বে ইসরাইল ইরানে হামলা করে। জবাবে ইরানও পাল্টা জবাব দেয় যা এখনো চলমান। কিন্তু সেই সংঘাতের জেরে এবারের ঈদে বাংলাদেশে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, আকাশচুম্বী বিমান ভাড়া এবং প্রবাসীদের বাড়ি ফেরায় ফ্লাইট অনেকটাই বিঘ্নিত হয়। পরে ইরান তাদের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি বন্ধ করে দিলে অস্থিতিশীল হয়ে পড়ে বৈশ্বিক আমদানি-রপ্তানি চ্যানেল। বিশেষ করে আমদানি ব্যয় বেড়ে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা দেখা দেয়। ফলে সাধারণ মানুষের ঈদ কেনাকাটায়ও নেতিবাচক প্রভাব পড়ে।

বিশেষ করে আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়েও তার সরাসরি প্রভাব পড়ে। এর তাপ লাগে ঈদ বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এহেন পরিস্থিতিতে, বিশ্বজুড়ে জ্বালানি ঝুঁকি এবং বিমান ভাড়ার উচ্চগতি ঈদের আনন্দে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধের কারণে বাংলাদেশের জিডিপি ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে। ইতিমধ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে সরবরাহ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে। ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৪.৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

এদিকে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের কারণে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় এবং অস্বাভাবিক ভাড়া বাড়ার ফলে অনেক প্রবাসীর দেশে ফেরার স্বপ্ন ভেঙে গেছে। টাকার বিপরীতে ডলারের দাম কিছুটা বেড়ে যাওয়ায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঈদের আগেই আরও কিছুটা অস্থিতিশীল করে তুলেছে। এর ফলে বিশ্ব নির্ভর পরিবারগুলোর মানুষের ক্রয়ক্ষমতা কিছুটা কমে আসে, বেচাকেনায় ভাটা পড়ে।

মধ্যপ্রাচ্যের দেশ আরর আমিরাতের আবুধাবিতে থাকা বাংলাদেশি জাফরুল ইসলাম সোহানের স্ত্রী সাহিলা সিনথিয়ার সাথে কথা হয় শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটে। তিনি বলেন, দুই সন্তান ও তার ৬ জনের গোটা পরিবারের জন্য গত বছর যেখানে প্রায় ২৫-৩০ হাজার টাকার কেনাকাটা করেছে এ বছর সেটা ১০-১২ হাজারের মধ্যে সারতে হচ্ছে। কারণ তার স্বামী রোজা শুরুর পর সংসারের জন্য সামান্য কিছু টাকা পাঠিয়েছে। বিদেশে তার স্বামী খুব বেশি একটা ভালো নেই বলে জানান।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতা হেলাল উদ্দিন দৈনিক এদিনকে বলেন, অন্যান্য বছর রোজার শুরুর দিন থেকেই যেখানে টুকটাক বেচাবিক্রি শুর হতো এবার সে রকম হয়নি। কারণ রোজা শুরুর একদিন আগেই ইরানে হামলা হয়। তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। কারণ এদেশের ক্রেতাদের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এবার ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যেও যেসব দেশের সাথে আমাদের আমদানি রপ্তানি হয় এবার সেক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে আরব আমিরাত কেন্দ্রিক ব্যবসায়ীরা খুব বেশি কিছু করতে পারেনি।

সূত্র জানায়, ২০২৬ সালের মধ্যপ্রাচ্য পরিস্থিতি (বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত) এবং বৈশ্বিক অস্থিরতার কারণে এবারের ঈদ অর্থনীতিতে বেশকিছু নেতিবাচক প্রভাব ও ঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক মূল্যস্ফীতির চাপ সরাসরি সাধারণ মানুষের কেনাকাটায় প্রভাব ফেলছে। চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের ঈদ কেনাকাটায় নেতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় নিত্যপণ্যসহ পোশাকের দাম বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স কমে যাওয়া এবং প্রবাসীদের দেশে ফেরা কমায় বিশেষ করে সিলেট ও প্রবাসী অধ্যুষিত এলাকায় কেনাকাটায় মন্দা ভাব দেখা গেছে। কারণ গোটা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় প্রবাসীরা আতঙ্কে রয়েছেন। তারা দেশে থাকা স্বজনদের কাছে আগের মতো টাকা পাঠাতে পারছেন না। ফলে কেনাকাটা কমেছে। এ যুদ্ধের ফলে পরিবহন খরচ ও আমদানিকৃত খাদ্যদ্রব্য, তেল ও পোশাকের দাম কিছুটা বেড়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে অনেকে ছুটিতে দেশে আসতে পারেননি, ফলে পরিবারগুলোর ঈদ আয়োজনে ভাটা পড়েছে। 

যদিও সরকারি পর্যায়ে বলা হয়েছে, এ যুদ্ধের কারণে ঈদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বা ঈদ যাত্রায় বড় প্রভাব পড়বে না। কিন্তু বিশ্ববাজারের পরিস্থিতি অনুযায়ী, জ্বালানি ও নিত্যপণ্যের দামের ওপর এটি সরাসরি প্রভাব ফেলছে। ইরান-ইসরাইল যুদ্ধের কারণে এ বছর ঈদের কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে ইতিমধ্যে মধ্যবিত্তের ওপর চাপ বেড়েছে। 

ঢাকা নিউ মার্কেটের স্টাইল বাজারের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, বাজার ভালো না। টেনশনে আছি পুঁজি ওঠাতে পারব কি না? কারণ প্রতিবছর এ সময় যেখানে মালের শর্ট পরে এ বছর সেখানে এখনো মনে হয় অর্ধেক মালই বিক্রি হয়নি। অথচ হাতে সময় আছে আর মাত্র দুইদিন। যুদ্ধের কারণে ক্রেতা অনেক কম মনে হচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান সানেমের বিশ্লেষণ অনুযায়ী দেখা গেছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে বাংলাদেশের জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই যদ্ধের ফলে বিনিয়োগকারীদের মধ্যে ভীতি তৈরি করছে, যা বিনিয়োগ প্রবৃদ্ধিকে দুর্বল করতে পারে।

বৈশ্বিক অস্থিরতার কারণে আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ, যার জন্য ঈদ পণ্য আমদানিতে ইতিমধ্যে প্রভাব ফেলছে।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ধীর বা স্থগিত করেছে, যার প্রভাব এদেশের ঈদ বাণিজ্যে পড়ছে। 

সূত্র জানায়, কোভিড-১৯-এর ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর্ন্তজাতিক বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর, রেমিট্যান্সনির্ভও ও রফতানিমুখী অর্থনীতির জন্য এ পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। কারণ বৈশ্বিক অস্থিরতা সরাসরি দেশের জ্বালানি নিরাপত্তা, খাদ্য আমদানি, রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতির ওপর প্রভাব ফেলছে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখনো মহামারি-পরবর্তী পুনরুদ্ধারের সংবেদনশীল পর্যায়ে রয়েছে, বাংলাদেশেও যার প্রভাব বিদ্যমান।

কারণ বাংলাদেশের অর্থনীতির সাথে বহির্বিশ্বের গভীর সংযোগ রয়েছে। দেশের জিডিপির আকার প্রায় ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার। মোট রফতানি আয় ৫৫-৬০ বিলিয়ন ডলারের মধ্যে এবং এর প্রায় ৮৪ শতাংশ তৈরি পোশাক খাতনির্ভর। অন্যদিকে প্রবাসী আয় সাম্প্রতিক বছরগুলোতে ২৩-২৫ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছে। একই সাথে শিল্প ও বিদ্যুৎ খাতের বড় অংশ আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতিতে দ্রুতই প্রভাব পড়ে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.