দেশের অর্থনীতির দুই প্রধান সূচকে বইছে স্বস্তির হাওয়া। প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি আর বৈদেশিক মুদ্রার মজুদের ঊর্ধ্বমুখী অবস্থানে দেশের অর্থনীতিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে ২০ শতাংশ উল্লম্ফনের পাশাপাশি রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.২২ বিলিয়ন ডলারে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে এই জোড়া সুখবর দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
এ সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ। এছাড়া শুধু ৭ থেকে ৯ মে এই তিন দিনে দেশে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









