কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও অপহরণে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে পুলিশ।
গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অভিযোগ রয়েছে, এ সময় তাকে হত্যাচেষ্টার পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরদিন ৫ মার্চ ভুক্তভোগী শিক্ষক সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “ঘটনার এতদিন পর একজন গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।"
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, “ভুক্তভোগী শিক্ষক একটা মামলা করেছিল। সেই মামলার তদন্ত সাপেক্ষে সন্দেহজনকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে আমরা কোর্টে চালান করবো। মামলার আসামি আরও কয়েকজন আছে। তাদেরকেও ধরার চেষ্টা চলছে।”
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বলেন, “অপহরণের অভিযোগে গত পরশু রাতে ঢাকায় অভিযান চালিয়ে গতকাল সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









