স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘‘জনবান্ধব ও গণতন্ত্রের রূপকার নেতারা কখনো হারিয়ে যান না, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন।’’
শনিবার (৩০ মে) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার সাহসী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জিয়াউর রহমান জাতিকে নতুন পথের সন্ধান দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ, উৎপাদনমুখী অর্থনীতি এবং বহুদলীয় গণতন্ত্রের দর্শন দেশের রাজনীতিতে একটি স্থায়ী ভিত্তি তৈরি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন জনগণের নেতা। তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেম আজও কোটি মানুষের প্রেরণার উৎস। জনবান্ধব ও গণতন্ত্রের রূপকার নেতারা কখনো হারিয়ে যান না, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন।’’
তিনি আরও বলেন, ‘‘শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শোককে শক্তিতে রূপান্তরিত করে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করতে হবে।’’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দুলাল হোসেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহে আলম মিয়া, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি ইমরান শালেহ প্রিন্স, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









