যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দদের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে বরিশাল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। দেশের স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামী দিনে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।’’
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁনসহ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









