নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘‘জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের জন্ম হতো না। এ দেশের মানচিত্রের জন্ম নিতো না। জিয়াউর রহমানের মাধ্যমে এ দেশের গার্মেন্ট শিল্প বিশ্ব বাজারে প্রসার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন দেশের উন্নয়নের রূপকার। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়।’’
শনিবার (৩০ মে) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় তার বাসভবনে রূপগঞ্জ উপজেলা, কাঞ্চন ও তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, ‘‘আজ উনার সুযোগ্য সন্তান মাত্র ৩ মাসে এ দেশকে উন্নয়নের দিকে এগিয় গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সিংগাপুর, মালয়েশিয়ার চেয়েও উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে রূপগঞ্জকে উন্নয়নশীল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন, কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খানসহ অনেকে।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









