দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্পূরক বৃত্তির অর্থ হাতে পেতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। চলতি সপ্তাহের মধ্যেই বৃত্তির অর্থ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
শনিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানার সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সম্পূরক বৃত্তি ছাড়াও টিএসসি সংস্কার, দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি এবং পুরান ঢাকায় নির্মাণাধীন দুটি আবাসিক হলের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, ‘‘শিক্ষার্থীদের জন্য ঘোষিত সম্পূরক বৃত্তির অর্থ দ্রুত বিতরণের লক্ষ্যে প্রশাসন কাজ করছে। পাশাপাশি মঙ্গলবার (৯ জুন) থেকে টিএসসি সংস্কার কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।’’
এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “সম্পূরক বৃত্তি, ২য় ক্যাম্পাস কাজের অগ্রগতি ও হল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আজ (রোববার) উপাচার্যের সাথে কথা হয়েছে। আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা। চলতি সপ্তাহের মধ্যে সম্পূরক বৃত্তি পৌঁছে দেওয়ার বিষয়ে উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে।’’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, “চলতি সপ্তাহেই বৃত্তির অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে। ফ্যাকাল্টিভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের ব্যাংক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। বৃত্তির অর্থ বিতরণ পদ্ধতি নিয়ে আগামীকাল বৃত্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সম্পূরক বৃত্তির অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করতে আমি শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শন করবো।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









