গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৬৭) মারা গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।
রবিবার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আনিছুর রহমানের বড় ভাই খলিলুর রহমান।
আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
খলিলুর রহমান বলেন, ‘‘আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।’’
খলিলুর রহমান আরও বলেন, ‘‘বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামীকাল (৮ জুন) সোমবার সকাল ১১টার সময় তার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









