ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় অফিস সহকারি জনি (৩০) আহত হন।
রোববার (৭ জুন) বিকেলে এই মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দুই জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিস্কৃত এবং ‘দালাল’বলে গালি দেয় তোফাজ্জল। এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তর বাপ দালাল’বলে তোফাজ্জলকে গালি দেয় আজিজুল। এ সময় দুই জনের মধ্যে হাতাহাতি এবং চরথাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন।
এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অফিস সহকারী জনি হাতে আঘাত প্রাপ্ত হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দুই জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন,‘হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিভ্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









